শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৪:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিজয়ী প্রার্থী জোহরান মামদানির ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের মেয়র হিসেবে তিনি ভাল কাজ দেখাবেন বলেও প্রত্যাশা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ঘটে মামদানির। সাক্ষাতের পর মামদানির ব্যাপারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি আপনাদের বলতে পারি যে (মামদানি ইস্যুতে) আমার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে। এখন আমার দৃঢ় বিশ্বাস (নিউইয়র্কের মেয়র হিসেবে) মামদানি তার দায়িত্বগুলো খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন। এমনকি আমি এ-ও মনে করি যে তিনি তার কাজ, পারফরম্যান্স দিয়ে অনেক রক্ষণশীল লোকজনকে চমকে দেবেন।”

গত ৫ নভেম্বর রীতিমতো ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। মোট ভোটের ৫০ শতাংশ পেয়ে এই জয় নিশ্চিত করেছেন তিনি। আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়রের শপথ নেবেন মামদানি। শপথ গ্রহণের পর ৩৪ বছর বয়সী মামদানি হবেন নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র। নির্বাচনের সময় অবশ্য জোহরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে মামদানিকে ‘কমিউনিস্ট উন্মাদ’ আখ্যা দিয়ে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচার-প্রচারণাবাবদ ২৪০ কোটি ডলার ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি।

তবে শুক্রবারের সাক্ষাৎ এবং বৈঠকের পর ট্রাম্পের মধ্যে আগের সেই মনোভাবের লেশমাত্র উপাস্থিতি দেখা যায়নি। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “বিভিন্ন ইস্যুতে আমি যতটা প্রত্যাশা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি একমত হয়েছি আমরা। একটা ব্যাপার কমন আছে আমাদের মধ্যে, আর তা হালো আমরা দু’জনই নিউইয়র্ক সিটিকে ভালবাসি এবং উভয়েই এই শহরের সর্বাঙ্গীন উন্নতি চাই।” ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে মামদানি বলেন, “আমরা নিউইয়র্ক সিটি এবং সেখানকার বাসিন্দাদের বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে কথা বলেছি। এটা ছিল একটি ফলপ্রসূ, শ্রদ্ধা ও ভালবাসাপূর্ণ বৈঠক।”

সূত্র : আরটি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।