শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কৃষকেরা রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৫   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোণা জেলার কৃষকেরা। ফলন ভালো হওয়ার পাশাপাশি এ বছর ধানের ভালো বাজার থাকায় কৃষকেরা খুশি।এবছর ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে।

জেলার হাওরবেষ্টিত তিন উপজেলা যথাক্রমে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বেশিরভাগ ফসলি জমি পানির নিচে ডুবন্ত থাকায় জেলার বাকি সাতটি উপজেলার রোপা আমন চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবছর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলেও ভাইরাস ও পোকার আক্রমণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। রোপা আমন ধান চাষে খরচের পরিমান কম, বৃষ্টির পানিতে সেচের কাজ হয়ে যায় বলে তাতে খরচও কম। জেলার দুই পাহাড়ি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় রোপা আমনের চারা আগেভাগেই রোপণ করা হয় বিধায় ফসল কাটাও শুরু হয় সবার আগে।

সরেজমিনে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গিয়ে দেখা যায়, কৃষকেরা পাহাড়ের পাদদেশে রোপা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। সীমান্তবর্তী বাড়িগুলোতে নবান্ন উৎসবের আয়োজনে প্রস্তুতি নিচ্ছেন কিষানিরা। কৃষকেরা ধান কেটে বাড়ি নিয়ে আসছেন বাঁশের তৈরি ভারে করে, কোথাও ধান সিদ্ধ হচ্ছে দেশীয় পদ্ধতিতে, আবার কোথাও শুকানো হচ্ছে খড়। আর সীমান্ত সংলগ্ন সড়কে সূর্যের আলোয় সিদ্ধ ধান শুকিয়ে নিচ্ছেন কিষানিরা।

জেলায় রোপা আমন এবং বোরোধান কাটার সময় প্রতিটি কৃষকের বাড়িতে উৎসবর আমেজ তৈরি হয়। এসময় কৃষকদের পাশাপাশি কিষানিরাও সমানতালে নতুন ধান সিদ্ধ করা, রোদে শুকিয়ে সংরক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এ কৃষি উৎসবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাদের ভূমিকা অনস্বীকার্য।

সদর উপজেলার উলুয়াটি গ্রামের কিষানি রেহানা পারভীন জানান, নিজেদের জমিতে উৎপাদিত সোনালি ধান কাটার পর শুরু হয়ে যায় তাদের কাজ, যেমন ধান শুকানোর জায়গা (উঠান,মাঠ) প্রস্তুত, ধান মাড়াই, সিদ্ধ করা এবং তা রোদে শুকিয়ে সংরক্ষণ করা। এসব কাজ তারা সকলে মিলে আনন্দের সাথে করে থাকেন, তবে তা বেশ পরিশ্রমের কাজ। নতুন ধান ঘরে এলে কৃষকের মুখে ফুটে হাসি, ঘরে ঘরে শুরু হয় নতুন ধানের চাল দিয়ে পিঠা, পুলি, পায়েশ বানানোর তোরজোর।

সীমান্তবর্তী কালিকাপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, এবছর আমনের ভালো ফলন হয়েছে। ২০ কাঠা জমিতে রোপা আমনের চাষাবাদ করেছেন। কাঠাপ্রতি ৪ মণ করে ধান পেয়েছেন। তিনি জানান, বাতাসে ধানের গাছ মাটিতে পরে যাওয়ায় ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।

একই গ্রামের কৃষক নূরুল ইসলাম ৩২ কাঠা জমিতে রোপা আমনের চাষাবাদ করেছেন। তিনি জানান, এ মৌসুমে সেচের খরচ না থাকায় কৃষকেরা ধান চাষে লাভবান হয়েছেন এবং খরচ বাদে মুনাফাও থাকবে।এ বছর ধানের ফলন ভালো হওয়ার পাশাপাশি ভালো বাজার রয়েছে বলে মনে করছেন ধানের ব্যবসায়ীরা।প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকেন তারা।

প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনে তা বাজারে বড় বড় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন, ধান ব্যবসায়ী সাইফুল ইসলাম। তার সাথে কথা হলে তিনি আশা প্রকাশ করে বলেন, এবছর ধানের ভালো দাম পাবে কৃষকেরা। ইতোমধ্যে কাঁচা ধান প্রতি মণ ১০০০ থেকে ১১০০ টাকায় উঠানামা করছে। ধান শুকানোর পর এ ধানের দাম আরো বাড়বে বলে মনে করছেন তিনি।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানাযায়, ধানের বাজার ভালো থাকলেও রয়েছে ধানকাটা শ্রমিকের তীব্র সঙ্কট। এখন আর আগেরকার সময়ের মতো ধান কাটতে শ্রমিক পাওয়া যায় না। আগে যারা ধান কাটায় শ্রম দিতেন, তারা এখন শহরমুখী হয়ে যাচ্ছেন। কাজের সুবাদে রাজধানী ঢাকার দিকে ধাবিত হচ্ছেন বেশিরভাগ ধানকাটাসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা।

শ্রমিক পাওয়া গেলেও কৃষকের প্রত্যাশিত মজুরি অনুযায়ী কাজ করতে চায় না এসব ধানকাটা শ্রমিকেরা। ফলে বাধ্য হয়ে কৃষকেরা ঝুঁকছেন হারভেস্টার মেশিন মালিকদের কাছে। কাঠাপ্রতি ৫০০ টাকায় এসব মেশিনের মাধ্যমে কৃষকের ধান কেটে দিচ্ছেন তারা। কৃষিতে এ আধুনিক যান্ত্রিক সেবায় স্বস্তিও পাচ্ছেন কৃষকেরা, আবার কম সময় হারভেস্টার মেশিনে অধিক জমির ফসল কাটা যায়। ফলে কৃষকের কষ্ট লাঘব হচ্ছে এবং সময়ও বেঁচে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম  জানান,‘নেত্রকোণা একটি হাওরবেষ্টিত জেলা। এ জেলার প্রধান ফসল হচ্ছে ধান। জেলায় এবছর রোপা আমনের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৫ হাজার ৯০০ হেক্টর। সেই লক্ষ্যমাত্রা নিয়ে এবছর জেলায় ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। আজকে পর্যন্ত মোট ২৩ হাজার ৯৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট জমির ১৬ ভাগ। 

তিনি বলেন, এবছর এ জেলায় বি-ধান ৪৯, ব্রি ধান-৭১,ব্রি ধান-৭৫ ব্রি ধান-৮৭, ব্রি-ধান ১০৩, ধানী গোল্ড জাতের ধান চাষ করা হয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত বিনা ধান ৭ ও বিনা ধান ১৭ জাতের ধান চাষ করা হয়েছে। কৃষক ভাইয়েরা তাদের আশানুরূপ ফলন পেয়েছেন। তিনি আরো জানান, ইতোমধ্যে হাওরের ডুবন্ত জমিগুলো জেগে উঠতে শুরু করছে এবং তারা জমির পরিচর্যা করতে শুরু করেছেন, কৃষকরা যেন এসব জমিতে রবি শস্য উৎপাদন করতে পারেন, সেজন্যে তাদেরকে কারিগরি সহযোগিতা প্রধান করা হবে।’

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।