২৪ ঘণ্টা অনলঅইন : বক্স অফিসে অজয় দেবগনের ‘রেইড’ ফ্র্যাঞ্চাইজি মানেই যেন বাড়তি উত্তেজনা। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম ছবির পর, চলতি বছরে মুক্তি পাওয়া এর দ্বিতীয় কিস্তিও বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। সুপারহিট তকমা পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য এবার এলো আরও এক সুখবর। ২০২৬ সালের শেষের দিকেই পর্দায় আসছে ‘রেইড ৩’। বলিউড হাঙ্গামা ও পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবির মতো তৃতীয় পর্বটিও পরিচালনার দায়িত্বে থাকছেন রাজকুমার গুপ্তা। যদিও ছবিটির বিষয়বস্তু নিয়ে এখনই খুব বেশি কিছু প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা, তবে ধারণা করা হচ্ছে এবারের কিস্তিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘রেইড ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট বা চিত্রনাট্য নিয়ে জোর কদমে কাজ চলছে। গত কয়েক সপ্তাহ ধরেই সিনেমার ক্রিয়েটিভ টিম গল্পের বুনন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পরিচালক রাজকুমার গুপ্তা চাইছেন, আগের পর্বগুলোর মতো এবারও গল্পের সত্যতা ও বাস্তবসম্মত ভাব বজায় রাখতে। এবারের গল্পটি হবে আরও জটিল এবং নাটকীয়। যেখানে নতুন কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে অজয় দেবগনকে। পর্দায় তিনি বরাবরের মতোই সৎ ও সাহসী আয়কর অফিসার ‘অময় পট্টনায়েক’-এর চরিত্রে হাজির হবেন। পরপর দুটি সিনেমার বিশাল সাফল্যের পর, তৃতীয় কিস্তিটি যে বক্স অফিসে নতুন কোনো রেকর্ড গড়তে যাচ্ছে তা নিয়ে এখনই আশাবাদী অজয় ভক্ত ও চলচ্চিত্র বিশ্লেষকরা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।