২৪ ঘন্টা অনলাইন : বলিউড অভিনেতা রণবীর সিং ও উঠতি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা ‘ধুরন্ধর’। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। একদিকে যেমন ছবিতে রণবীর সিং ও অর্জুন রামপালকে দেখা গেছে সম্পূর্ণ নতুন রূপে, তেমনই অন্যদিকে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল চর্চা। বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও পর্দায় তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’। অবশেষে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন।
ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’ পর্দায় তাদের প্রেমের দৃশ্যে দর্শকদের মাতোয়ারা হতে দেখা যাবে। এই ধরনের দৃশ্যে সারা অর্জুন কতটা সাবলীল, সেই প্রসঙ্গে রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারাকে তুলনা করে বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’ রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’ প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম। একসময় শিশুশিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে। এর আগে হিন্দি ছবি 'সিক্রেট সুপারস্টার', 'থালাইভি', 'লভ হস্টেল' এবং 'ব্ল্যাক ফ্রাইডে'-এর মতো সিনেমাতেও সারাকে দেখা গেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।