২৪ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের কথা রয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া ছিল, তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ-এর কাজ হবে এলাকা সুরক্ষিত রাখা, গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
অবশ্য গাজার শাসকদল হামাস এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস বলেছে, পরিকল্পনাটি গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা ফিলিস্তিনি জনগণ ও তাদের বিভিন্ন গোষ্ঠী মানতে রাজি নয়।
বিবৃতিতে আরও বলা হয়, গাজার ভেতরে আন্তর্জাতিক বাহিনীকে দায়িত্ব দেওয়া—যেমন প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা—এই বাহিনীকে নিরপেক্ষ অবস্থান থেকে সরিয়ে দেবে। খসড়া অনুযায়ী, আইএসএফ-এর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে হামাসসহ অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা। পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখা।
ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী, এজন্য হামাসকে অস্ত্র জমা দিতে হবে। এছাড়া আইএসএফ ইসরায়েল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ গঠনের কথাও বলা হয়েছে, যদিও এতদিন পুলিশ বাহিনী হামাসের আওতাধীন ছিল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।