২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা অজয় দেবগণের নতুন ছবি ‘দে দে প্যায়ার দে টু’ মুক্তির প্রথম দুই দিন থেকেই বক্স অফিসে বেশ দাপট ধরে রেখেছে। গত ১৪ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রথম দুই দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ২১ কোটি রুপি। সিনেমাটিতে আরও রয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা আর মাধবন। ছবির প্রথম দিনের (শুক্রবার) সংগ্রহ ছিল ৮.৭৫ কোটি রুপি। এরপর সিনেমাটির আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবার, সিনেমাটি ১২.২৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দুই দিনের এই সংগ্রহ চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে একটা আশাও তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, রোববারেও ছবিটি ভালো ব্যবসা করবে।
এই ছবিটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দে দে পেয়ার দে’ ছবির সিক্যুয়েল। আগের ছবিতে মধ্যবয়সী এক পুরুষের (অজয় দেবগণ) সঙ্গে এক তরুণীর (রাকুল প্রীত সিং) প্রেমের গল্প এবং পারিবারিক জটিলতা দেখানো হয়েছিল। এবারের কিস্তিতে অজয়ের চরিত্রটি রাকুল প্রীতের বাবা-মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ছবিটিতে রাকুল প্রীতের বাবার চরিত্রে অভিনয় করছেন আর. মাধবন। তিনি তার মেয়ের সঙ্গে অজয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে নানা কৌশল অবলম্বন করেন। তাদের এই সম্পর্কের টানাপোড়েনই হাস্যরস ও নাটকের জন্ম দিয়েছে। ছবিটির গানগুলো মুক্তির আগেই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।