সম্প্রতি দাবাং ট্যুরে বলিউডের সালমান খান ও তামান্না ভাটিয়ার সাম্প্রতিক পারফরমেন্স ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। কাতারের দোহার মঞ্চে তাদের এক যৌথ নাচের ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা সেটিকে ‘অস্বস্তিকর’ বলে মন্তব্য করছেন।
ভিডিওতে দুজনকে ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গিকেই মূলত সমালোচনার কেন্দ্র বলা হচ্ছে। সেই ক্লিপকে ঘিরে রেডিটেও একটি থ্রেড ভাইরাল হয়। সেখানে অনেকে মন্তব্য করেছেন- ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি।
এই ট্যুরটিতে সালমান ও তামান্নার সঙ্গে আরও আছেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল। মঞ্চে সালমান খান তার জনপ্রিয় গান ও জানে জানা, জুম্মে কি রাত (কিক), পাণ্ডে জি সিটি (ডাবাং) ও সজন রেডিও (টিউবলাইট)–সহ একাধিক হিট সাউন্ডট্র্যাকে নেচেছেন।
সব মিলিয়ে, সালমান-তামান্নার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে, যার বেশিরভাগই নেতিবাচক প্রতিক্রিয়া।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।