২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের অভিনয় দক্ষতা ও চারিত্রিক দৃঢ়তা দিয়ে দুই বাংলাতেই পরিচিতি লাভ করেছেন । সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সম্প্রতি নিজের নতুন একটি প্রজেক্ট নিয়ে আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী তার পোস্টে জানিয়েছেন, আরো একটি অসাধারণ গল্প বলার কাজ শেষ হলো।
শুভশ্রী লিখেছেন, ‘এই গল্প খুব ভাগ্য করলে একজন শিল্পীর কাছে আসে। এই গল্প একজন শিল্পীর পরিশ্রমের ফল। শুধুমাত্র ধন্যবাদ বা নানা কথার মাধ্যমে প্রমাণ করা সম্ভব না, আমার কৃতজ্ঞতা কৌশিক দা।’ তার নতুন চরিত্র 'দীপা'কে প্রতিটি নারীর প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘েপ্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা। দীপা নামের অর্থ হলো আলোকিত, উজ্জ্বল।’ শুভশ্রী আরও ইঙ্গিত দিয়েছেন, ‘দীপা আসবে অনেক টা আলো নিয়ে, একটু তাপ, আর একটু ছায়া নিয়ে। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ‘ওয়েটিং রুম’ এর জন্য।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।