২৪ ঘণ্টা অনলাইন : কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তার নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিনে তার জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা দিয়েছেন। নাতনিকে নিয়ে আনন্দের মাঝেও তিনি সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া বন্ধুদেরও গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন। আরাধ্যার জন্মদিনে নিজের ব্লগে একটি আবেগঘন পোস্ট করেছেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘ছোট্ট আরাধ্যার জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমাদের সকলের ভিতরের শিশুটি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে, আর ঠিক সে কারণেই তোমায় পেয়ে আমরা আনন্দে আত্মহারা।’
জন্মদিনের খুশির মাঝেই সিনিয়র বচ্চন তার পোস্টে কিছুটা বিষাদের সুরও ফুটিয়ে তুলেছেন। তিনি স্মরণ করেছেন প্রয়াত বন্ধুদের। অমিতাভ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে একের পর এক হারানোর যন্ত্রণা অপরিসীম। যা ঘটেছে তাতে আমি ভীষণই যন্ত্রণায় রয়েছি। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। এটাই অবশ্য জীবনের নিয়ম।’ তার কথায়, ‘আমরা বেঁচে থাকি, অভিজ্ঞতা অর্জন করি এবং জীবনের নানা বাধা অতিক্রম করি। এটাই আমার বিশ্বাস।’ সম্প্রতি অভিনেত্রী কামিনী কৌশলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছেন অমিতাভ। কামিনী কেবল তার সহ-অভিনেত্রীই ছিলেন না, বরং ছিলেন দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। এই দুই গুণী শিল্পী একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজও করেছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।