২৪ ঘণ্টা অনলাইন : এক মেয়রের মৃত্যু ঘিরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জেন-জি। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সহিংসতায় রূপ নেওয়া এই আন্দোলনে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বলে জানা গেছে।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জেন-জিরা এই আন্দোলন শুরু করলেও সব বয়সী মানুষ গতকাল এতে যোগ দেয়। এছাড়া দেশটির বিরোধী দলও আন্দোলনে সমর্থন জানিয়েছে। রাজধানী মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ বলেছেন, “আন্দোলন দীর্ঘসময় শান্তিপূর্ণ ছিল। কিন্তু মুখ ঢাকা একটি দল সহিংসতা শুরু করে।” তিনি জানিয়েছেন, পুলিশের ১০০ সদস্য আহত হয়েছেন। যারমধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অপরদিকে পুলিশের হামলায় ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন।
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় রয়েছেন। দেশটিতে তার এখনো জনপ্রিয়তা রয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে মিশোয়াকান রাজ্যের উরুয়াপানের মেয়র মাঞ্জো রদ্রিগেজ হত্যার শিকার হওয়ার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এই মেয়র তার শহরে মাদক চোরাচালান গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছিলেন। তখনই তাকে হত্যা করা হয়। রোসা মারিয়া আভিলা নামে ৬৫ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেছেন, “এই মেয়র ছিলেন এমন এক ব্যক্তি যিনি অপরাধীদের শায়েস্তা করতে পুলিশ সদস্যদের পাহাড়ি এলাকায় পাঠাচ্ছিলেন। সন্ত্রাসীদের প্রতিরোধ করার সাহস ছিল তার।” আন্দ্রেস মাসা নামে ২৯ বছর বয়সী আরেক বিক্ষোভকারী বলেন, “আমাদের আরও নিরাপত্তা প্রয়োজন।” বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয়েছিলেন। এ সময় তারা ভবনটির চারপাশে থাকা কিছু লোহার বেড়া ভেঙে ফেলেন। এরপরই সহিংসতা শুরু হয়। পুলিশ তখন কাঁদানে গ্যাস ও অগ্নিনির্বাপক দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
সূত্র: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।