শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি: ফারুক আবদুল্লাহ

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৪:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলঅইন : পাকিস্তানের অভ্যন্তরে ভারতের চালানো অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সাবেক এই মুখ্যমন্ত্রীর বক্তব্যে কাশ্মিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার অভিযোগও তুলেছে বিজেপি। শনিবার (১৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। জম্মু-কাশ্মির ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান এবং বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ এদিন হরিয়ানায় আটক হওয়া সন্ত্রাসীদের নিয়েও কথা বলেন। ওই সন্ত্রাসীরা পেশায় সবাই ডাক্তার। তিনি বলেন, কেন সেই ডাক্তাররা এমন পথে গেলেন, তা খতিয়ে দেখা জরুরি। ফারুক আবদুল্লাহর ভাষায়, “যারা দায়ী, তাদের জিজ্ঞেস করতে হবে— কেন এসব ডাক্তারকে এই পথে যেতে হলো? কী কারণ? এর পূর্ণাঙ্গ তদন্ত ও বিশদ বিশ্লেষণ হওয়া দরকার।”

ফারুক আশঙ্কা প্রকাশ করেন, হরিয়ানায় সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়ার ঘটনার পর নতুন করে আরেকটি ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি বলেন, “আমি আশা করি তেমন কিছু হবে না। অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি। আমাদের ১৮ জন মানুষ মারা গিয়েছিল, সীমান্ত দুর্বল হয়ে পড়েছিল। দুই দেশের সম্পর্ক ভালো না হলে সমস্যার সমাধান সম্ভব নয়। আমি আবারও বাজপেয়ীর সেই কথাই বলব— বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না।” এছাড়া গত শুক্রবার রাতে শ্রীনগরের একটি থানায় বিস্ফোরণে ৯ জন নিহত হওয়ার ঘটনাতেও প্রশাসনের তীব্র সমালোচনা করেন ফারুক আবদুল্লাহ। বিস্ফোরক সামগ্রী ঠিকমতো না সামলানোর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “এটা আমাদের ভুল। যারা বিস্ফোরক সম্পর্কে ভালো জানে, নিজেরা সামলানোর বদলে তাদের পরামর্শ নেওয়া উচিত ছিল। ফল তো দেখলেন— ৯ জন মারা গেল, আশপাশের বাড়িঘর নষ্ট হলো। অথচ দিল্লির ঘটনাতেই কাশ্মিরিদের দোষারোপ করা হচ্ছে। কবে সেই দিন আসবে, যখন আমাদের ভারতীয় হিসেবে গ্রহণ করবে? কবে আর এমন অভিযোগ উঠবে না?” জবাবে বিজেপি নেতা তরুণ চুঘ সরাসরি ফারুক আবদুল্লাহকে আক্রমণ করেন। তিনি বলেন, “সন্ত্রাসীদের জন্য চোখের পানি ফেলাই ওদের পুরোনো অভ্যাস। ফারুক আবদুল্লাহ এখনই সন্ত্রাসীদের পক্ষ নেওয়া বন্ধ করুন।” শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের বিষয়ে জম্মু-কাশ্মির পুলিশের ডিজি নলিন প্রভাত বলেন, ফরেনসিক নিয়ম মেনে বিস্ফোরক পরীক্ষা চলার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তাই অযথা জল্পনা-কল্পনার দরকার নেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।