শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৬:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তৃতীয়বারের মতো বিয়েতে বসলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদের সঙ্গে তার এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেন নির্মাতা নিজেই।  স্থানীয় সময় শুক্রবার অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে মুশফিকা মাসুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাদের কুইন্স সিটি ক্লার্ক অফিসে দেখা যাচ্ছে; এতে বোঝা যায়, সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অমিতাভ রেজা লেখেন, ইয়েস, ইটস নাও অফিশিয়াল; আলো এবং ছায়ার সঙ্গে জীবন যাপনের প্রতিশ্রুতি... চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ।  পোস্টটিতে দেখা যায়, দুইজনের হাস্যোজ্জ্বল ছবি এবং একটি ছবিতে মুশফিকা মাসুদের হাতে বিয়ের আংটি স্পষ্ট। এই ঘোষণার পরই তাদের বন্ধু, সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন।

অমিতাভ রেজার নতুন জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে। জানা যায়, গত মাসেই দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা, যা তাদের প্রেম জল্পনাকে উসকে দিয়েছিল। অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সময়ের সঙ্গে তাদের সেই দাম্পত্যজীবনের ইতি ঘটে। বর্তমানে অমিতাভ রেজা বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।