২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছে এই জুটি। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার 'ক্রিয়েটিভ ল্যান্ড' প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে 'প্রিন্স'। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ 'প্রিন্স'-এ যোগ দিলেন।’ আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই শাকিব ভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন। এখন শুধু এই নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।