২৪ ঘণ্টা অনলাইন : বলিউড বাদশাহ শাহরুখ খান জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুর দিকে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার একবার তার গালে আলতো করে চড় দিয়েছিলেন। শাহরুখের ভাষায়, সেটাই ছিল তার জীবনের অন্যতম অনুপ্রেরণার মুহূর্ত। ২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসে সঞ্চালনা করতে গিয়ে সেই ঘটনার কথা স্মরণ করেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, মুম্বাইয়ে প্রথমবার দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি গালে হালকা চড় মেরে বলেছিলেন, ‘কঠোর পরিশ্রম করো।’ শাহরুখ বলেন, ‘ওর মতো কেউ টোকা দিলেও সেটা বড় চড়ের মতো মনে হয়।’
শাহরুখ আরও হাসতে হাসতে জানান, সেই একটি চড় তার ক্যারিয়ারকে এগিয়ে দিয়েছিল। বলেন, ‘আবার যদি ক্যারিয়ার এগিয়ে নিতে হয়, আমি চাইব উনি আরেকটা চড় মারুন।’ ঘটনার এক বছর পরই শাহরুখ অভিনয় করেন ‘দেবদাস’ চলচ্চিত্রে, যা তাকে বলিউডে আরও প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে পরিচিত। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও শাহরুখকে অত্যন্ত স্নেহ করতেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, শাহরুখকে প্রথম দেখে তার মনে হয়েছিল- নিজেদের ছেলে হলে বোধহয় এমনই দেখতে হতো।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।