শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা সেনাবাহিনীর হাতে মার্কিন তথ্য তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৪:৩৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : চীনা টেক জায়ান্ট আলিবাবা বেইজিংকে যুক্তরাষ্ট্রকে নিশানা করতে সাহায্য করার অভিযোগটি অস্বীকার করেছে। এএফপিকে তারা জানিয়েছে যে, সাম্প্রতিক যে প্রতিবেদনে এ অভিযোগ তোলা হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা’।  আজ ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলিবাবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনা সামরিক ‘অপারেশনগুলোর’ জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। হোয়াইট হাউজ থেকে পাওয়া একটি মেমোর সূত্রে এ প্রতিবেদন করেছে তারা।  প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই মেমোতে দাবি করা হয়েছে যে আলিবাবা চীনা কর্তৃপক্ষ এবং পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) গ্রাহকের তথ্য, যেমন: আইপি অ্যাড্রেস, ওয়াইফাই তথ্য এবং পেমেন্ট রেকর্ড তুলে দেয়। 

ফিনান্সিয়াল টাইমস জানায় যে তারা নিজেরা এই দাবিগুলো যাচাই করতে পারেনি, তবে উল্লেখ করেছে যে হোয়াইট হাউস মনে করে এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এর প্রেক্ষিতে আলিবাবা গ্রুপের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ওই প্রতিবেদনের দাবি এবং ইঙ্গিতগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাংঝৌ-ভিত্তিক এই সংস্থাটি মেমোটিকে একটি ‘বিদ্বেষপূর্ণ জনসংযোগ কার্যক্রম’ আখ্যায়িত করে বলছে, এটা এমন কারও কাছ থেকে এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের চীনের সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। এই বিরোধ বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান সন্দেহের বিষয়টি আবারও তুলে ধরেছে। বহুদিন ধরে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় রয়েছে দেশ দুটি। জানুয়ারিতে আবার ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। কয়েক মাস ধরে পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর, দু’পক্ষ গত মাসের শেষে এক বছরের জন্য বিরতিতে সম্মত হন। 

যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাসের একজন মুখপাত্রও এই মেমোর দাবির খবর অস্বীকার করেছেন। লিউ পেংইউ ‘এক্স’-এ এক বিবৃতিতে বলেন, চীনা সরকার... স্থানীয় আইন লঙ্ঘন করে বিদেশি দেশগুলো থেকে কোনো তথ্য সংগ্রহ বা সরবরাহ করার জন্য কোনো কোম্পানি বা ব্যক্তিকে কখনওই ব্যবহার করবে না। চীনের সম্ভাব্য গুপ্তচরবৃত্তির বিষয়ে ওয়াশিংটনে ক্রমবর্ধমান উদ্বেগ আরও বাড়িয়ে দিল এই প্রতিবেদন। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রোপিক জানিয়েছে যে, তারা প্রথম কোনো এআই দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত সাইবার-গুপ্তচরবৃত্তি অভিযান শনাক্ত করে তা ঠেকিয়ে দিয়েছে। অ্যানথ্রোপিকের দাবি, চীনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জিটিজি-১০০২ নামে একটি গ্রুপ এই হামলা চালিয়েছে।  শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান যে তিনি এ বিষয়ে অবগত নন এবং বেইজিং সবসময়ই হ্যাকিং কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করেছে।      

সূত্র: এএফপি।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।