২৪ ঘন্টা অনলাইন : বলিউড অভিনেত্রী কাজল। এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে এক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন। তার মতে, ‘বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট (মেয়াদ উত্তীর্ণের তারিখ) থাকা জরুরি।’ কাজলের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে?
সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কল খান্না প্রশ্ন রাখেন, বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি 'রিনিউয়াল' বা নবায়নের সুযোগ থাকা জরুরি? এই প্রশ্নের উত্তরে অতিথি ভিকি কৌশল ও কৃতি স্যানন এবং স্বয়ং টুইঙ্কল খান্না দ্বিমত পোষণ করলেও, কাজল একমত হন যে, অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত। তবে তিনি এক ধাপ এগিয়ে বলেন, দাম্পত্যে একটি এক্সপায়ারি ডেট থাকা আরও বেশি জরুরি। টুইঙ্কল খান্না মজা করে যখন বলেন, ‘বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়।’ তখন কাজল পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘আমার সেটাই মনে হয়। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকাটা জরুরি। তবে দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে দু'জনের কাউকেই কখনও ভুগতে হবে না।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।