২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও সালমান খানের মধ্যেকার সুসম্পর্ক বলিউডে বহু পুরোনো। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই সালমান খানের সফরসঙ্গী হন এই অভিনেত্রী। ঠিক সেভাবেই অভিনেতার আসন্ন 'এশিয়ান ট্যুর'-এও সোনাক্ষীর থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই পোস্টারে এলো বড়সড় পরিবর্তন। সোনাক্ষীর জায়গায় স্থান পেয়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। আর এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। বলিপাড়ার বাতাসে এখন জোর গুঞ্জন, সোনাক্ষী সিনহা নাকি অন্তঃসত্ত্বা। আর সেই কারণেই হয়তো এবার তিনি সালমান খানের সফরের অংশ হতে পারছেন না।
নেটাগরিকদের একাংশের দাবি, সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সোনাক্ষীকে বারবার বালিশ দিয়ে হেলান দিতে দেখা গেছে। তাদের মতে, অভিনেত্রীর এই শারীরিক ভঙ্গি সন্দেহজনক। এছাড়াও, গোপনীয়তা বজায় রাখতে তিনি ইদানীং বড় আকারের এবং ঢিলেঢালা পোশাক পরছেন বলেও অনেকে মনে করছেন। যদিও এই জল্পনা নিয়ে অভিনেত্রী সোনাক্ষী কিংবা তার স্বামী জাহির ইকবাল, কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও প্রতিবারই তা হেসে উড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতি। কিন্তু এবার সালমান খানের মতো একজন ঘনিষ্ঠ সহকর্মীর আন্তর্জাতিক সফর থেকে হঠাৎ বাদ পড়া এবং নতুন করে ছড়িয়ে পড়া জল্পনা সব মিলিয়ে অনুরাগীরা যেন এবার নিশ্চিত।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।