২৪ ঘন্টা অনলাইন : ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি এক অনুষ্ঠানে তার অভিনয় জীবন এবং কাজের দর্শন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, অভিনয়কে তিনি কখনোই চাপ হিসেবে দেখেন না, বরং সব সময় উপভোগ করেন। বর্তমানে তিনি কাজের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন। তৌসিফ মাহবুব বলেন, ‘কাজটাকে কখনোই চাপ হিসেবে দেখি না। কাজটাকে এনজয় করি সবসময়। কাজ খুব কম করছি এখন। লাস্ট উইকে একটা কাজ রিলিজ হলো, 'এমন দিনে তাকে বলা যায়'। এই কাজটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে এবং খুব ভালো লাগে যখন শুধুমাত্র ভিউ দ্বারা বিবেচিত হই না কাজটা। একটা কাজ কত মিলিয়ন ভিউ হচ্ছে এটাই যে আসলে গুরুত্বপূর্ণ না।’
তার কথায়, ‘খোয়াবনামা'রও আসলে অলমোস্ট সাড়ে ছয়-সাত মিলিয়ন ভিউ আছে। আমার অনেক কাজ ২০-৩০ মিলিয়ন ভিউ আছে। কিন্তু এই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছি মানে এই কাজটা অল্প মানুষ দেখলেও বেশি মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। আসলে আমি মনে করি এটা বেশি গুরুত্বপূর্ণ।’ তৌসিফের ভাষ্যে, ‘কাজ কতজন দেখছে আর কতজন অ্যাপ্রিশিয়েট করছে, এই ব্যালেন্সটা যখন সুন্দর হয় তখন একটা আর্টিস্টের জন্য অনেক ভালো হয়। আমার জীবনে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্যই আজকে অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি। এটা অবশ্যই খুব ভালো একটা ফিলিংস, ভালো লাগা।’ শেষে বলেছেন, ‘অ্যাওয়ার্ড পাওয়ার একটা সঠিক সময় আছে। একটা সময় ছিল আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতাম কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতাম না। কিন্তু এখন যখন আসছি, অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা যেমন সঠিক সময়। সিনেমায় আসার একটা সঠিক সময় অবশ্যই আসবে।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।