২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। তবে এবার প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা দেখালেন তারা। সম্প্রতি হায়দরাবাদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির হন এই তারকা-যুগল। সেখানেই মঞ্চে রাশমিকার হাত ধরে তাকে চুমু দেন বিজয়। দর্শক ও উপস্থিত সাংবাদিকদের সামনেই প্রকাশ্যে ঘটে এই দৃশ্য।
এ সময় মাইক্রোফোন হাতে খানিকটা লজ্জাই পান নায়িকা। লাজুক হাসিতে প্রেমিকের উদ্দেশে ভালোবাসার বার্তাও দেন রাশমিকা। অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা দরকার। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ।’ বিজয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এর সাফল্যে তোমাকেও পাশে পেয়ে ভালো লাগছে।’ ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সময় থেকেই বিজয় নায়িকার পাশে ছিলেন বলে জানান রাশমিকা। এই বক্তব্যের পর তাদের বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন এই দুই তারকা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে আনুষ্ঠানিকতা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।