২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি এবার নতুন পরিচয়ে দর্শকদের মাঝে হাজির হলেন। সৃজিতের ‘মিউজিক সেন্স’ যে বরাবরই ভালো তা ২০১০ সালে যখন ‘অটোগ্রাফ’ তৈরি করেছিলেন, সেসময়ে অনুপম রায়ের সঙ্গে তার যুগলবন্দি সাড়া ফেলেছিল। পরবর্তীতেও সৃজিত-অনুপম জুটি শ্রোতামহলের প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য পরিচালকদের ছবির জন্যেও গান লিখেছেন সৃজিত। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সৃজিত তার নিজস্ব সিনেমায় বরাবরই গান নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কাকে দিয়ে কোন গানের সুর করালে ‘ক্লিক’ করবে, সেটা তার ভালোই জানা। তবে এর আগে নিজের ছবির গান লিখলেও সুর করেননি।
এই প্রথমবার গান বাঁধার পাশাপাশি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সংগীত পরিচালকের ভূমিকায় তাকে পেতে চলেছেন অনুরাগীরা। পরিচালক সুমন ঘোষ ‘শ্রীরামপুর ডায়েরিজ’ শীর্ষক একটি নতুন বাংলা সিনেমা তৈরি করছেন। সেই ছবিতেই সুরকার হিসেবে পাওয়া যাবে সৃজিতকে। সুমনের তরফ থেকেই সৃজিতের কাছে প্রস্তাব গিয়েছে। প্রথমটায় পরিচালকের কাছে একটি মিউজিক প্রোডাকশন করার প্রস্তাব আসে। পরে সুর দেওয়া এবং মিউজিক কিউরেশনের বিষয়ে কথা হয়। এরপরই তাতে সম্মতি দেন সৃজিত মুখোপাধ্যায়। উল্লেখ্য, নিজের সিনেমা ছাড়াও ‘লে ছক্কা’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ এবং ‘ক্রস কানেকশন’-এর মতো একাধিক ছবির গান লিখেছেন সৃজিত। অতঃপর গীতিকার তিনি ছিলেনই, এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।