ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকের ভয়াবহ বিস্ফোরণে মানুষের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি মানুষের ছিন্ন-ভিন্ন দেহের অংশ আকাশে উড়ে রাস্তায় পড়ে যেতে দেখেছেন। তার চোখের সামনেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের শব্দ এত প্রচণ্ড ছিল যে, তার কান কয়েক মিনিট ধরে ব্যথা করছিল। তিনি বলেন, একজনের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। আমি রাস্তায় একটি হাত পড়ে থাকতে দেখেছি। বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণে আশপাশের ভবনের দেয়াল, জানালা ও দরজা কেঁপে উঠেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঐতিহাসিক এই স্থাপনার সামনে সবসময়ই পর্যটকদের ভিড় থাকে। বিস্ফোরণের পর একাধিক গাড়িতে আগুন ধরে যায়। ওই এলাকা জামা মসজিদ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার এবং গুরদোয়ারা শিসগঞ্জ সাহিব থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত।
বিস্ফোরণ স্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে ভয়াবহ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কয়েকটি গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তায় মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন জায়গায় রক্তের দাগও দেখা গেছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে। এছাড়া পুরোনো দিল্লিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, আমি ছাদ থেকে বিশাল আগুনের গোলা দেখতে পাই। প্রচণ্ড শব্দ হয়েছিল। আমার বাড়ি গুরদোয়ারার কাছে। কী ঘটেছে, তা দেখার জন্য সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই।
আহতদের উদ্ধারের জন্য প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, সবকিছু এত দ্রুত ঘটেছে যে কিছু বোঝার সময়ই পাইনি। মনে হচ্ছিল, একাধিক গাড়িতে একসঙ্গে বিস্ফোরণ হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।