২৪ ঘণ্টা অনলাইন : সিনেমার শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল। প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসার পাশাপাশি বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতি খারাপ হওয়ায় তড়িঘড়ি জিতুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিনের চিকিৎসায় অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হলে রোববার (৯ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আপাতত বাসাতেই বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।
‘ওরাও মানুষ’ ছবির শুটিং চলাকালে জিতু অসুস্থ হয়ে পড়ায় ফ্লোরে উপস্থিত অন্যান্য কলাকুশলী ও অভিনেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জিতুর শারীরিক উপসর্গ দেখে অনেকে ডেঙ্গি বা ম্যালেরিয়ার আশঙ্কা করলেও, হাসপাতালে তার কিছু শারীরিক পরীক্ষা করা হয়। জিতুর সব রিপোর্ট ভালো এলেও চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে সামান্য সংক্রমণ হয়েছে। অভিনেতা যেহেতু অ্যাস্থমা (হাঁপানি) এবং অ্যালার্জির সমস্যায় ভোগেন তাই চিকিৎসকরা এখন তাকে বিশেষভাবে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও জিতু কামাল কবে আবার শুটিংয়ে ফিরবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, আপাতত তাকে ছাড়াই 'ওরাও মানুষ' ছবির বাকি কাজ চলছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।