২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না, এমন মন্তব্য করে ফের আলোচনায় এলেন তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনের নানা উত্থান-পতনের পর এবার খোলাখুলি বললেন নিজের অভিমতের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘খুব শিক্ষা হয়েছে। আগামী এক জন্ম কেন! সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে পেতে চাই না।’ সাক্ষাৎকারে তিনি জানান, গোবিন্দ স্ত্রীকে সময় দেন না, সবসময় নায়িকাদের নিয়েই ব্যস্ত থাকেন। তার ভাষায়, ‘উনি তো বৌকে সময়ই দেন না! সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত।’
সুনীতা মনে করেন, অভিনেতাদের জীবনে স্ত্রীদের জায়গা অনেক সময় গৌণ হয়ে যায়। তাই নায়কের স্ত্রী হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ছোট বয়সে বিয়ে হওয়ায় বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি, তবে এখন উপলব্ধি করেছেন। নায়কের স্ত্রী হতে হলে বুকের ভেতর পাথরচাপা দিয়েই থাকতে হয়। গত বছর থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও, পরে তা সামলে নেন তারা। তবে সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি, সেটাই স্পষ্ট করে দিয়েছেন সুনীতা। তবু স্বামীর কিছু গুণের প্রশংসাও করেছেন সাক্ষাৎকারে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।