২৪ ঘণ্টা অনলাইন : নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে হানি সিং ও মালাইকাকে ঘিরে চলছে বিতর্ক। সম্প্রতি প্রকাশিত হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ মালাইকা আরোরাকে দেখা গেছে নাচতে। ভিডিওর দৃশ্যে কখনও তাকে চুইংগাম চিবাতে, কখনও আবার জিভ বের করে নাচতে দেখা যায়। এই দৃশ্যগুলো অনেক দর্শকের কাছে ‘অশালীন’ মনে হয়েছে। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, ‘নাচের মধ্যে কোনো আবেদন নেই, শুধু অশালীনতা।’
তবে সমালোচনার পাশাপাশি কিছু ভক্ত হতাশাও প্রকাশ করেছেন। তাদের দাবি, একসময় ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’ গানের মতো জনপ্রিয় আইটেম গানে অনবদ্য নাচ উপহার দিয়েছিলেন মালাইকা। কিন্তু নতুন এই ভিডিওতে সেই মান বজায় রাখতে পারেননি তিনি। অনেকে গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।ভিডিওতে ব্যবহৃত নাচের ধরনকে ‘টোয়ার্কিং’ বলা হয়; যেখানে মূলত নিতম্বের নড়াচড়া দিয়ে ছন্দ তৈরি করা হয়। অনেক দর্শকই বলেছেন, এই ধরনের নাচে স্বাচ্ছন্দ্য না থাকায় মালাইকার পারফরম্যান্স দেখতে অস্বস্তিকর লেগেছে। অন্যদিকে, কেউ কেউ তুলনা টেনে বলেছেন, “সুনিধি চৌহানের ‘আঁখ’ গান বা তামান্না ভাটিয়ার ‘গফুর’ নাচের মতো সুষমা ও কোরিওগ্রাফি এই ভিডিওতে অনুপস্থিত।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।