২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শক থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হানিয়া আমির। সর্বশেষ ফাহাদ মোস্তফার বিপরীতে 'কভি মে কভি তুম' নাটকে দেখা গিয়েছিল তাকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর নাটক থেকে বিরতি নিয়ে তিনি মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র 'সর্দারজি ৩'-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।
দীর্ঘ প্রতীক্ষার পর এবার টিভি নাটকে ফিরছেন হানিয়া। 'মেরি জিন্দেগি হ্যায় তু' নাটকে প্রথমবারের মতো জুটি বাঁধছেন হানিয়া আমির ও বিলাল আব্বাস খান। নাটকটি পরিচালনা করেছেন মুসদ্দিক মালিক এবং এটি লিখেছেন রাদাইন শাহ্। রোমান্টিক-কমেডি নাটকটির প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৭ নভেম্বর নাটকটি মুক্তি পাবে। এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় দেখানো হবে। প্রায় দশ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে বহু প্রতীক্ষিত এই নাটকের প্রথম টিজার প্রকাশ করেন। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে দুটি প্রমো, যা ভক্তদের নজর কেড়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।