২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম হিট জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। একটা সময় দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই রসালো ছিল, যে দুজনের অফস্ক্রিন সম্পর্কের চর্চাও শুরু হয়েছিল। যদিও বাস্তবে অক্ষয়ের ভালো বন্ধু ক্যাটরিনা। ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরেও ভক্তদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাঁটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য পুনরায় তৈরি করা হয়েছে বলেই ধারণা।
কারণ অভিনেতা নতুন সংস্করণের একটি ছোট প্রোমো শেয়ার করেছেন, সেখানে আক্কির দেখা মিলল দিশা পাটানির সঙ্গে। রেড হট লুক দিশা, পাশে কাউবয় লুকে ধরা দিলেন অক্ষয়। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। শেষে অক্ষয় বলে ওঠেন, ‘আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।’ ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী একটি থ্রোব্যাক, ১৮ বছর এবং এখনও সর্বকালের ফেভারিট। এত নস্টালজিয়া, সুন্দর। দিশা এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। আমাদের রানী ক্যাটরিনাকে কখনও ভুলবো না।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।