২৪ ঘণ্টা অনলাইন : বয়স যে কখনো এক থমকে যাওয়া সংখ্যা হতে পারে, তা যেন বোঝা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্য নতুন রূপে মেলে ধরেন নিজেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আবারও নিজেকে মেলে ধরেছেন অনবদ্য এক রূপে। কখনো ট্র্যাডিশনাল, কখনো ওয়েস্টার্ন; প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট। সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন তিনি; এবারও তাই হলো, আর দেখা গেল এক নতুন মাত্রায়। সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় যেন দেখা মিলল এক অন্য জয়াকে!
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। একইসঙ্গে ভক্তরাও যেন জয়াকে নতুন করেই দেখলেন। সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী গয়না আর লাবণ্যময় উপস্থিতিতে জয়া যেন ফুটিয়ে তুলেছেন এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবির পটভূমিতেও আছে পুরনো দিনের আসবাব ও সবুজ গাছপালার আবহ- যেন বাঙালি নারীর ঐতিহ্য, আভিজাত্য ফুটে উঠেছে একসঙ্গেই। তবে শুধু স্টাইল নয়, ছবির আড়ালে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে বোঝা যায়, পরনের এই গয়নাগুলো একটি গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ। সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে তিনি প্রশংসিত, তেমনি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও জয়ার উপস্থিতি এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা আর কমার্শিয়াল শুটে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে- দুই বাংলার ব্র্যান্ডগুলোর কাছে এক প্রিয় মুখ জয়া আহসান।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।