২৪ ঘণ্টা অনলাইন : সাধারণত ক্যামেরার সামনে গম্ভীরভাবেই দেখা যায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। তবে ‘দ্য ব্যাডস অব বলিউড’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভিন্ন এক আরিয়ানকে দেখেছিলেন দর্শকরা। সেই মঞ্চে ছিলেন শাহরুখ খানও। এদিকে এক অনুষ্ঠানে আরিয়ান বলেছিলেন, ‘আমার কাজটা সবাই দেখবেন আশা করি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। ফল যাই হোক, পাপা পাশে আছেন।’ সে সময় তার মুখে ‘পাপা’ শব্দটি শুনে আবেগাপ্লুত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু শুটিং সেটে শাহরুখকে কখনও ‘পাপা’ নয়, বরং ‘স্যার’ বলেই সম্বোধন করেন আরিয়ান।
সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসের খানের এক সাক্ষাৎকারে উঠে এসেছে এই তথ্য। মুদাসসের জানান, তিনি ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে কাজ করেছেন এবং কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানের কাজের সম্পর্ক। তার ভাষায়, “শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ঢোকার পরও সে অপেক্ষা করছিল। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, ‘স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’ তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনও ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আরও বলেন, ‘আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।’ উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহ। সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।