২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। সোমবার (৩ অক্টোবর) পা রাখলেন ৫২ তে। তবে এই সময়টিও তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান এই জনপ্রিয় নায়িকা; এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করেছেন মৌসুমী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নায়িকা দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে খবর পাওয়া গেছে।
সানী জানান, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না মৌসুমীর। ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই ছিলেন নিয়মিত। এদিকে জন্মদিন ঘিরে মৌসুমীর ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে তিনি মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।