শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পর্দায় মীনা কুমারী হচ্ছেন কিয়ারা

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ১১:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মীনা কুমারীর বায়োপিক নিয়ে বলিউডে চলছে শোরগোল,  কে হবেন পর্দার ট্র্যাজেডি কুইন? শোনা যাচ্ছিল কয়েকজন অভিনেত্রীর নাম। কখনো কৃতি শ্যানন, কখনো কিয়ারা আদভানি, আবার তৃপ্তি দিমরির নামও শোনা গিয়েছিল। অবশেষে চূড়ান্ত হলো সিদ্ধান্ত। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘কামাল অউর মীনা’ সিনেমায় মীনা কুমারী হতে যাচ্ছেন কিয়ারা আদভানি।

মীনা কুমারীর বায়োপিক তৈরির অনুমতি মিলেছে তাঁর পরিবারের পক্ষ থেকে। ‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহিকে বিয়ে করেছিলেন মীনা। সিনেমায় কাজ করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তাঁরা। গোপনে বিয়ে করেন।

তবে সম্পর্কটি শেষ পর্যন্ত সুখের হয়নি। কামাল ও মীনা কুমারীর এই বেদনাবিধুর সম্পর্ক বায়োপিকটির মূল বিষয়। জানা গেছে, আমরোহি পরিবারই উদ্যোগ নিয়ে সিনেমাটি তৈরি করছে। বিশাল বাজেট ও জাঁকজমকপূর্ণ পরিকল্পনায় তৈরি হচ্ছে কামাল অউর মীনা সিনেমাটি।

নির্মাতাদের দাবি, বলিউডের ইতিহাসে অন্যতম বড় আয়োজনের বায়োপিক হতে চলেছে এটি। নির্মাতারা মনে করছেন, মীনা কুমারীর চরিত্রটির জন্য যে আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ দরকার, তা রয়েছে কিয়ারার মধ্যে। তাঁদের বিশ্বাস, মীনার চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই। কামাল অউর মীনা হতে চলেছে কিয়ারা অভিনীত প্রথম বায়োপিক। মা হওয়ার পর এ প্রজেক্ট দিয়েই ক্যামেরার সামনে ফিরবেন তিনি।
এতে অভিনয়ের জন্য উর্দু শিখবেন কিয়ারা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী বছরের প্রথমার্ধে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২৬ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা। মীনা কুমারী আর কামাল আমরোহির সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা আর বিভেদই এ সিনেমার মূল ভিত্তি। তাই পর্দায় কে হবেন কিয়ারার নায়ক, সেটাই এখন সবচেয়ে আগ্রহের বিষয়।

মীনা কুমারী ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। দর্শকদের কাছে তিনি পরিচিত ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে। কারণ, দুঃখের দৃশ্যে তাঁর অভিনয় ছিল মনে দাগ কাটার মতো। ‘বৈজু বাওরা’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’, ‘পাকিজা’সহ ৯০টির বেশি সিনেমায় নিজের অভিনয়প্রতিভার ছাপ রেখে গেছেন মীনা কুমারী। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হয় এই কিংবদন্তির।

মীনা কুমারীর বায়োপিকটি কিয়ারার ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে। কারণ, এ চরিত্রে কিয়ারাকে এমন এক নারীকে ফুটিয়ে তুলতে হবে, যাঁর জীবনভর দুঃখ, প্রেম, অপমান, যন্ত্রণা আর নিঃসঙ্গতায় মোড়া ছিল। এই চরিত্রে নির্মল বিষণ্ণতা তুলে ধরতে পারলেই কিয়ারা হয়ে উঠবেন ‘নতুন ট্র্যাজেডি কুইন’।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।