২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার, পরিচালক ও অভিনেত্রী ফারাহ খান। বাইরে থেকে তারকাদের জীবন খুব ঝলমলে মনে হলেও ফারাহ খানের জীবনেও ছিল এক গভীর বিষাদ। মা হওয়ার জন্য তিনি কৃত্রিম প্রজনন পদ্ধতি (আইভিএফ) গ্রহণ করেছিলেন। কিন্তু বারবার ব্যর্থ হওয়ায় হতাশা থেকে তাকে দিনের পর দিন কাঁদতে হয়েছে। ২০০৮ সালে আইভিএফ-এর মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের মা হন ফারাহ খান। তবে এই সাফল্যের আগে তার মা হওয়ার চেষ্টা দুইবার ব্যর্থ হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি।
ফারাহ বলেন, ‘আইভিএফ পদ্ধতিতে আমি দুইবার ব্যর্থ হয়েছিলাম। তখন আমি খুব কাঁদতাম, কেঁদেই আমার দিন কাটত। সম্ভবত হরমোনের ওঠানামার কারণে কান্না আরও বেশি পেত। সেই কঠিন সময়েই আমি ‘ওম শান্তি ওম’ ছবির শুটিং করছিলাম।’ ২০০৪ সালে চলচ্চিত্র পরিচালক শিরীষ কুন্দরকে বিয়ে করেন ফারাহ। দেরিতে বিয়ে করার কারণে তিনি স্বাভাবিক উপায়ে সন্তান ধারণে ব্যর্থ হন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শেই তিনি আইভিএফ-এর আশ্রয় নেন। প্রথম দুইবার ব্যর্থ হওয়ার পর ৪২ বছর বয়সে ফারাহ ভেবেছিলেন এটিই তার শেষ চেষ্টা। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি সফল হন এবং এক পুত্র ও দুই কন্যাসন্তানের মা হন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।