২৪ ঘণ্টা অনলাইন : অভিনয় জগতে বরাবরই নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতার ছাপ রেখেছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি যে কাজটি করলেন, তাতে নেটিজেন থেকে স্বামী নিক জোনাস সকলেই বেশ অবাক। সাদা টপ আর ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার তার গলায় জড়ালেন আস্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’
স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন। প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই। অভিনেত্রীর এমন সাহসিকতায় ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, ‘তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখটা কি একবারও দেখেছো? তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক!’ অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমার এই ছবিটা আমাকে টানা তিন রাত তাড়া করে বেড়াবে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘তুমি খুব ভয়ঙ্কর কাজ করছো। আমি কিন্তু কেঁদে ফেলব।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।