২৪ ঘণ্টা অনলাইন : বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের বিলাসবহুল রেস্তোরাঁ ‘তরী’ এখন আলোচনায়, তবে এবার খাবারের দাম নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুম্বাইয়ের এই রেস্তোরাঁর মেনু ও মূল্যতালিকা, যা নিয়ে বেশ আলোচনা চলছে নেটিজেনদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের খবর, গৌরী খানের রেস্তোরাঁয় খাবারের দাম দেখে নেটিজেনদের অনেকে হতবাক বনে যান। সামাজিক মাধ্যমে কেউ কেউ অতিরিক্ত দাম প্রসঙ্গেও আলোচনা করেন। সেই মেনু থেকে জানা যায়, ‘তরী’-তে রয়েছে নানা আন্তর্জাতিক মানের খাবার। ডাম্পলিং, স্যালাড থেকে শুরু করে সামুদ্রিক খাবার পর্যন্ত। সেখানে ‘তরী ভেজ গিয়োজা’ নামে এক প্লেট ডাম্পলিংয়ের দাম প্রায় ১,৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,২০০ টাকা)।
এছাড়াও ‘সামার ভেজিটেবল সুই’ ও ‘ট্রাফল এডামামে’-এর দাম ৯৫০ রুপি করে। স্যালাডের দাম ৫০০ থেকে ১,১০০ রুপির মধ্যে। এর মধ্যে ‘সাশিমি স্যালাড’ বিশেষভাবে জনপ্রিয় স্যামন ও টুনা মাছ দিয়ে তৈরি এই জাপানি খাবারের দাম প্রায় ১,১০০ রুপি। রেস্তোরাঁটিতে জাপানি কিছু পদও পাওয়া যায়। যেমন ‘এনোকি মাশরুম টেমপুরা’ ৬০০ রুপি, পদ্মফুলের গোড়া দিয়ে তৈরি একটি খাবারের দাম ৭৫০ রুপি, আর ‘চিকেন ইয়াকিতোরি’ পাওয়া যায় ৮০০ রুপিতে। মেনুর সবচেয়ে দামি খাবার দুটি ভেড়ার মাংসের পদ। একটির দাম ৩,৮০০ রুপি এবং অন্যটির ৪,৭০০ রুপি। এছাড়া নরওয়ের পদ্ধতিতে রান্না করা স্যামন মাছ বিক্রি হয় ১,৯০০ রুপিতে এবং চিংড়ির একটি পদ পাওয়া যায় ৬৫০ রুপিতে। তবে অনেকদিন আগে ‘তরী’ বিতর্কের মুখেও পড়ে। এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার অভিযোগ তোলেন, রেস্তোরাঁটি নকল পনির ব্যবহার করছে। যদিও গৌরী খান বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।