২৪ ঘন্টা অনলাইন : বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিবেককে ‘রামায়ণ’ ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে। অনুরাগীরা এই ছবির অপেক্ষায়। এরই মাঝে শোনা যাচ্ছে, ছবির সম্পূর্ণ পারিশ্রমিক নাকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিবেক।সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘আমি নমিতকে (প্রযোজক নমিত মলহোত্র) বলেছিলাম এই ছবির জন্য এক টাকাও লাগবে না আমার। সেই টাকা আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই।’
অভিনেতার ভাষ্যে, ‘তারা যে ছবিটা করছে সেটা আমার দারুণ লেগেছে তাই আমি তাদের পাশে থাকতে চাই। আমি মনে করি এই ছবিটা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে আরও উঁচুতে স্থান করে দেবে।’ তার কথায়, ‘রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক এই দ্বন্দ্ব চিরকালীন। আমরা বিশ্বাস করি যে এই কাহিনি ঐতিহাসিক এবং আমার এই কাজটা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। একটা নতুন দলের সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীত সিং সকলেই দারুণ।’ প্রসঙ্গত, ‘রামায়ণ’ ছবির প্রথম দফার সম্পাদনা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভিএফএক্সের প্রতি এবার বিশেষ নজরদারি শুরু হবে বলেও খবর। ছবিতে রাম হিসাবে দেখা যাবে রণবীর কপূরকে, সীতা হিসাবে রয়েছেন সাই পল্লবী। অন্য দিকে, রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।