শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেহুলা দরদী’ রূপে পর্দায় স্নিগ্ধা

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৫   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন নাটক—দুই মাধ্যমেই নিজস্ব অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী স্নিগ্ধা হোসেন। বিক্রমপুরের এই শিল্পী এবার হাজির হচ্ছেন রুপালি পর্দায়, অভিনয় করেছেন ‘বেহুলা দরদী’ নামে একটি মৌলিক চলচ্চিত্রে। নাট্যনির্মাতা সবুজ খান পরিচালিত সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পাবে। 

স্নিগ্ধা জানান, সিনেমাটি বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারি গীতিনাট্য অবলম্বনে নির্মিত। নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি বলেন, “বেহুলা দরদী সিনেমায় পতিতা চরিত্রে অভিনয় করেছি। এটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ও একেবারে ভিন্নধর্মী চরিত্র। আমি চেষ্টা করেছি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে।” 

লোকজ ঐতিহ্যভিত্তিক গল্পে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে স্নিগ্ধা বলেন, “অনেক দিন ধরে গ্রামবাংলার ঐতিহ্য নিয়ে মৌলিক গল্পের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। সেই দিক থেকে ‘বেহুলা দরদী’ অনন্য। নির্মাতা সবুজ ভাই টাঙ্গাইলের মানুষ, তাই হয়তো নিজের এলাকার সংস্কৃতিকে চলচ্চিত্রে তুলে ধরার অনুপ্রেরণা পেয়েছেন। আমরা সবাই মিলে মনপ্রাণ ঢেলে কাজ করেছি। দর্শক ভালো লাগা অনুভব করলেই আমার এই পথচলা সার্থক হবে।” 

অভিনয়ের ধরন সম্পর্কে জানতে চাইলে স্নিগ্ধা হাসিমুখে বলেন, “নায়িকাই হতে হবে বা গ্ল্যামারাস চরিত্রেই অভিনয় করতে হবে—এমন ভাবনা আমার নেই। আমি বৈচিত্র্যের খোঁজে বিভিন্ন ঘরানার চরিত্রে কাজ করতে ভালোবাসি। মঞ্চের অভিজ্ঞতাই আমাকে শেখায় চরিত্রের গভীরে যেতে। ‘বেহুলা দরদী’ সিনেমাটিতে অসাধারণ একটি চরিত্রে আমার ওপর আস্থা রাখার জন্য পরিচালক সবুজ খানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” 

বর্তমানে ‘দৃষ্টিপাত নাট্য সংসদ’-এর নিয়মিত সদস্য স্নিগ্ধা হোসেনের মঞ্চাভিনয়ে অভিষেক হয় উন্মুক্ত থিয়েটারের মাধ্যমে। প্রায় এক দশক ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—বাবার ছেলে, দুঃস্বপ্নের রাত, মায়ের কষ্ট, রেশমি তুমি কার, ঠিকানা বদল, বোকা বোকা প্রেম, বিয়ে বাড়িতে চোর, মানি মার্চেন্ট, ক্রাইম ফিকশন ইত্যাদি।  

‘বেহুলা দরদী’ ছাড়াও স্নিগ্ধা অভিনয় করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পোস্ট মাস্টার ৭১’-এ। 

জাহিদ ইসলাম প্রযোজিত ‘বেহুলা দরদী’ চলচ্চিত্রে স্নিগ্ধা হোসেন ছাড়াও অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, সূচনা সিকদার, প্রাণ রায়, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আলমগীর হোসেন, শেখ মিরাজুল, সেলজুক, সানজিদা মিলা, হাসিমুন, রেশমি, ইমরান হাসু, মনিষা সিকদার, নয়ন, আফফান মিতুল প্রমুখ।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।