২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের বন্ধু অভিনেতা সতীশ শাহ আর নেই। আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকল হয়ে তিনি মারা গেছেন। সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু বাঁচানো যায়নি।’
পণ্ডিত আরও বলেন, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল ক্ষতি। আমি তার সঙ্গে বহু কাজ করেছি। তিনি যেমন ভালো অভিনেতা ছিলেন, তেমনি ছিলেন দারুণ মানুষ।’ জানা গেছে, শনিবারই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে। ১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারো’ দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান সতীশ শাহ। এরপর ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ছোট পর্দাতেও তার সমান সাফল্য ছিল; বিশেষ করে কমেডি ধারার ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। ২০১৪ সালে সাজিদ খান পরিচালিত ‘হামশকলস’ ছিল অভিনেতার শেষ সিনেমা। অভিনয়ের পাশাপাশি ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’-এর সহবিচারক হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডের প্রিয় এই মুখের প্রয়াণে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।