২৪ ঘণ্টা অনলাইন : বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর সম্প্রতি টুইঙ্কল খান্নার পডকাস্ট শোতে অংশ নেন। সেখানেই নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য প্রকাশ করেন তিনি। শোয়ের একটি মজার খেলায় করণকে বলা হয়, এমন দুটি বিষয় বলতে হবে, যার একটি সত্যি এবং অন্যটি মিথ্যা। করণ তখন জানান, ২৬ বছর বয়সে তিনি ‘ভার্জিনিটি’ হারিয়েছিলেন এবং জাহ্নবী কাপুরের পরিবারের এক সদস্যের সঙ্গে তার সম্পর্ক ছিল। করণের এই মন্তব্য শুনে চমকে ওঠেন জাহ্নবী, যিনি সেদিন শোয়ের সহ-অতিথি ছিলেন।
তবে করণ কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে জানান, প্রথম তথ্যটি সত্যি হলেও দ্বিতীয়টি পুরোপুরি মিথ্যা; খেলার নিয়মের খাতিরেই এমনটা বলেছেন তিনি। এ সময় স্বস্তির হাসি ফুটে ওঠে জাহ্নবীর মুখে। করণ ও জাহ্নবীর সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। করণের প্রযোজনায়ই বলিউডে অভিষেক হয়েছিল জাহ্নবীর। সম্প্রতি করণের ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।