২৪ ঘণ্টা অনলাইন : বলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় তিন দশক পার করে দিলেন অভিনেতা ববি দেওল। বাবার (ধর্মেন্দ্র) হাত ধরে প্রবেশ প্রথম দিকে সফলতা তারপর দীর্ঘ বিরতি অভিনেতার জীবন যেন এক রোলার-কোস্টারের যাত্রা। ববি দেওলের অভিনয় জীবনে স্মরণীয় কাজ কম নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে 'অ্যানিম্যাল'-এ তার 'আবরার' চরিত্রটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। আরিয়ান খান পরিচালিত 'ব্যাডস অফ বলিউড'-এ তার উপস্থিতি নিয়েও দর্শকের মাঝে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ।
অভিনেতাদের জীবনে উত্থান-পতন খুব স্বাভাবিক একটি বিষয়। একটা সময় ছিল যখন ববির হাতে কার্যত কোনো কাজ ছিল না। প্রযোজক-পরিচালকেরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিতেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা অকপটে তুলে ধরেন ববি দেওল। তিনি জানান, কাজ পাওয়ার জন্য তাকে রীতিমতো অনুরোধ করতে হতো। অভিনেতার কথায়, ‘আমি পরিচালক-প্রযোজকদের অনুরোধ করতাম কাজ দেওয়ার জন্য। তাদের অফিসে যেতাম। কাজ না দিক, অন্তত যেন তারা আমায় মনে তো রাখে!’ তবে ববি বলেন, ‘তবে হাল ছেড়ে দিইনি কখনো। আমার মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব। কেউ যেন আমাকে ভিতর থেকে শক্তি জুগিয়েছিল। তাই আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।