২৪ ঘণ্টা অনলাইন: মারণ রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে চিকিৎসা শুরু করলেও শরীরে দেখা দিচ্ছে নানা নতুন সমস্যা। গত ১০ জুলাই থেকে তার 'টার্গেটেড থেরাপি' শুরু হয়েছে। আর সেই থেরাপির জেরেই একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালটা দীপিকার জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। একটি রিয়্যালিটি শো মাঝপথে ছাড়তে হয়েছিল তাকে। এরপরই ধরা পড়ে লিভার ক্যান্সার। গত মে মাসে অস্ত্রোপচারও হয়। এরপর থেকেই নানা শারীরিক জটিলতা শুরু।
সম্প্রতি নিজের এক ভ্লগে তিনি বলেন, ‘শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ে না। তবে আমার ক্ষেত্রে একেবারে অন্য হচ্ছে বিষয়টা। ‘সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। এমন অবস্থা যে শিগগিরই পরচুলা পরতে হবে। থাইরয়েডের পরিমাণও আগের থেকে বেশি।’ এদিকে রক্তপরীক্ষাও করানো হয়েছে অভিনেত্রীর। মানসিক ভাবেও তিনি বিপর্যস্ত। কখনো হাসছেন, কখনো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন। তবে এই 'টার্গেটেড থেরাপি' আরও দেড় বছর চলবে বলে জানিয়েছেন দীপিকা। টানা এই থেরাপি চললে যে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন, সেই আশঙ্কায় শিউরে উঠছেন অভিনেত্রী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।