২৪ ঘণ্টা অনলাইন : হাতে স্যালাইনের নল, চোখেমুখে স্পষ্ট ক্লান্তি, তবুও হাসিমুখ! এমন অবস্থায় হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, সঙ্গে দিলেন এক বার্তা। সে থেকেই তোলপাড় নেটমাধ্যম, হলো কী অভিনেত্রীর! সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অনুরাগীদের মাঝে। অনেকেই জানতে চান, কী হয়েছে চিত্রাঙ্গদার,ঠিক আছেন তিনি? সম্প্রতি বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লেখেন, “আশা করছি, খুব তাড়াতাড়ি খরগোশের মতো দৌড়ব।” তার এই কথার মধ্যেই ছিল ইতিবাচক মনোভাবের ইঙ্গিত। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
তবে অনেকে অনুমান করছেন, হয়তো শুটিংয়ের ব্যস্ত সূচি ও শারীরিক ক্লান্তির কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিত্রাঙ্গদাকে সর্বশেষ দেখা যায় ‘হাউসফুল ফাইভ’-এ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন সালমান খানের সঙ্গে নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিংয়ে। জানা গেছে, ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে লাদাখের দুর্গম পার্বত্য এলাকায়, যেখানে প্রচণ্ড ঠান্ডা ও অল্প অক্সিজেনের পরিবেশে কাজ করতে হয়েছে শিল্পীদের। ইউনিটের একটি সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন চিত্রাঙ্গদা, যেখানে তাকে নিজেই কিছু বিপজ্জনক দৃশ্য সম্পন্ন করতে হয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।