শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া অলঙ্কারের মূল্য কত?

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৫   ০৪:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর ল্যুভর থেকে সম্প্রতি যেসব অলঙ্কার চুরি হয়েছে, সেগুলোর দাম প্রকাশ করা হয়েছে। জাদুঘরের কিউরেটরের বরাত দিয়ে ফ্রান্সের অন্যতম সরকারি কৌসুঁলি লৌর বেকো গতকাল মঙ্গলবার জানিয়েছেন, চুরি হওয়া অলঙ্কারগুলের সম্মিলিত দাম কমপক্ষে ৮ কোটি ৮০ লাখ ইউরো। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৪৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার ফ্রান্সের বেতার সংবাদমাধ্যম আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বেকো বলেন, “চোররা অলঙ্কারগুলো গলিয়ে ফেলতে পারে — এই ভয়েই সেগুলোর দাম আমরা প্রকাশ করছি। এর মাধ্যমে আমরা তাদের এই বার্তা দিতে চাইছি যে অলঙ্কারগুলো গলিয়ে ফেললে তারা যে দাম পাবে, তার চেয়েও সেগুলো অনেক অনেক বেশি দামি।” ল্যুভরের কিউরেটর বা রক্ষণাবেক্ষন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই দাম প্রকাশ করেছেন বলে সাক্ষাৎকারে জানিয়েছেন বেকো। প্রসঙ্গত, ল্যুভর বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও পরিচিত জাদুঘর। সারা বিশ্বের বিভিন্ন জাদুঘরের মধ্যে ল্যুভরেই সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় হয়। প্রতিদিন ফ্রান্সে যত পর্যটক ও দর্শনার্থী আসেন, তারা অন্তত একবারের জন্য হলেও ল্যুভরে যাওয়ার চেষ্টা করে। প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত ল্যুভর জাদুঘর। গত ১৯ অক্টোবর স্থানীয় সময় সকালে সীন নদীর সংলগ্ন জাদুঘরের একটি বারান্দার সুরক্ষা বেষ্টনি কেটে জাদুঘরের মূল চত্বরে প্রবেশ করে প্রবেশ করে। তারপর একটি কাচের জানালা ব্যাটারিচালিত ইলেকট্রিক কাটার দিয়ে কেটে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢোকে। সেখান দিয়ে রত্ন ও অলঙ্কার বিভাগে প্রবেশ করে এসব অলঙ্কার হাতিয়ে নেয় তারা। এরপরে জাদুঘরের বাইরে বেরিয়ে মোটরবাইকে চেপে চম্পট দেয়।

অ্যাপোলো গ্যালারি এবং রত্ন ও অলঙ্কার বিভাগে কয়েক জন নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট চার জন চোর একটি ট্রাকে করে এসেছিল। বারান্দার নিরাপত্তা বেষ্টনি কাটার জন্য মেকানিক্যাল লিফ্ট (ভাঁজ করা যায়- এমন মই) ব্যবহার করেছে তারা। সুরক্ষা বেষ্টনি কাটতে আট মিনিট সময় নিয়েছে চোররা। চুরির পুরো ব্যাপারটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাদের সবার মুখ কালো মুখোশে ঢাকা ছিল। চুরি হওয়া অলঙ্কারগুলোর মধ্যে রয়েছে নিজের স্ত্রী বা রানীকে উপহার হিসেবে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দেওয়া নেকলেস, তার বংশধর সম্প্রাট নেপোলিন ৩— এর স্ত্রী সম্রাজ্ঞী ইউগেনির মাথার তাজ বা টিয়ারা এবং ফ্রান্সের রানী মেরি-আমেলির বেশ কিছু অলঙ্কার।

স্ত্রীকে নেপোলিয়ন বোনাপার্ট যে নেকলেসটি দিয়েছিলেন, সেটি হীরা ও পান্না দিয়ে তৈরি ছিল। চোরেরা যে পথে পালিয়ে গেছে, সেখানে তদন্ত কর্মকর্তারা একটি মুকুট পড়ে থাকা অবস্থায় পেয়েছেন। খুব সম্ভবত চোরেরা তাড়াহুড়া করে পালিয়ে যাওয়ার সময় সেটি পড়ে যায়। মুকুটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের ধারণা, এই চোরেরা পেশাদার। কারণ, তারা অত্যন্ত দ্রুত ও সুসংগঠিতভাবে পুরো কাজ করেছে। ল্যুভরে দুর্ধর্ষ এ চুরির পর বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন, সামগ্রীগুলো উদ্ধারের জন্য তদন্তকারীরা মাত্র এক থেকে দুই দিন সময় হাতে পাবেন। এরপর এগুলো চিরতরে হারিয়ে যেতে পারে।

সূত্র : বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।