২৪ঘণ্টা অনলাইন : চিত্রনায়িকা ইরা শিকদার অভিনীত ‘কন্যা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রফিকুল ইসলাম খান পরিচালিত সিনেমাটি আগামী ২৪ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। এতে ইরাকে সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে।
চরিত্রটি নিয়ে ইরা বলেন, “আমি রেখা চরিত্রে অভিনয় করেছি। দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে ছোট ভাইবোন আর অসুস্থ মায়ের দায়িত্ব নিতে গিয়ে জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হয় সে। কখনো শ্রমিক, কখনো ক্লিনারের কাজ করে পরিবারের হাল ধরতে হয়। গল্পের শেষভাগে জীবনের মোড় ঘুরে যায় অন্যদিকে।”
ইরা শিকদার এর আগে অভিনয় করেছেন—‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’, ও ‘ময়নার শেষ কথা’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘অন্তরে আছো তুম’। এছাড়া শুটিং শেষ করে সেন্সরে যাচ্ছে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানের দুই সিনেমা—‘দেনা পাওনা’ ও ‘বন্ধু তুই আমার’।
চলচ্চিত্রের পাশাপাশি ইরা অভিনয় করেছেন অর্ধ শতাধিক নাটকে, তিনটি বিজ্ঞাপনচিত্রে ও প্রায় ২০টি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে।
‘কন্যা’ সিনেমায় ইরার বিপরীতে আছেন নবাগত হারুন শেখ। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, আরিয়ান, এলিন, ও মারুফ আকিব প্রমুখ। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার ও মিতালী মল্লিক।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।