২৪ঘণ্টা অনলাইন : কুমিল্লায় ১৭ বছর ধরে টিউবওয়েলের মুখ দিয়ে বের হচ্ছে পানি। হাতল চাপতে হয়না, নেই কোন বৈদ্যুতিক মোটরের সংযোগও। একে অলৌকিক ঘটনা বলছেন স্থানীয়রা। এমন দৃশ্য দেখতে প্রতিদিন আসছে নারী-পুরুষ, বিভিন্ন বয়সের উৎসুক মানুষ। অনেকে মানত করে খাচ্ছেন এই পানি। কেউ আবার বোতলে করে নিয়েও যাচ্ছেন।
কুমিল্লার ভারত সীমান্তবর্তী একটি ছোট গ্রাম ভাবেরমুড়া। এখানে শত বছরের পুরানো পাক দরবার শরীফ মাজার। কিন্তু এই গ্রামটিকে এখন বিশেষ করে আলোচনায় তুলেছে অলৌকিক এ নলকূপটি। যার কারণে আশেপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ।
দুই যুগ আগেও এ গ্রামের মানুষ পানির সংকটে ভুগছিলেন। নলকূপ স্থাপন করা হল, কিন্তু আশ্চর্য হলো চাপ ছাড়াই সারাদিন রাত অবিরত পানি ঝরতে শুরু করে। কেউ বিশ্বাস করেন এটা অলৌকিক, কেউ মনে করেন এটি আল্লাহ রহমত।
এই নলকূপের পানি শুধু গ্রামের মানুষদেরই নয় আশেপাশের পাঁচ-ছয়টি গ্রামের মানুষও পানির সংকট থেকে মুক্তি পেয়েছেন। সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও লোকজন আসে পানি সংগ্রহ করতে। এখানে কেউ ওযুর জন্য, কেউ খাবার পানির জন্য, আবার কেউ বিশ্বাসের টানে পানি পান করছেন।
এই নলকূপের পানি খালের মাধ্যমে কৃষি জমিতে পৌঁছে যাচ্ছে। খরা মৌসুমেও অন্যান্য এলাকায় যখন মানুষ পানির জন্য হাহাকার করেন, তখন ভাবেরমুড়ার কৃষকরা নিশ্চিতভাবে ফসল সেচ দিচ্ছেন। এটি কেবল পানির উৎস নয়, এটি গ্রামবাসীর জীবনধারার অবিচ্ছেদ্য অংশ।
ভবেরমুড়া পাক দরবার শরিফে আসা ভক্তদের বিশ্বাস, এই পানি আরোগ্য দান করে। তাই প্রতিদিন মানুষ আসে কেউ প্রার্থনা করতে, কেউ অলৌকিক দৃশ্য দেখতে। স্থানীয়রা বলেন, এটি আল্লাহর বিশেষ প্রদত্ত আশীর্বাদ।ভাবেরমুড়ার এই নলকূপ এখন শুধুই পানি নয়, মানুষের বিশ্বাস, ভক্তি এবং জীবনের গল্পের প্রতীক।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।