শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করার দাবি মোদির

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৫   ০২:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করেছেন। তিনি দাবি করেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক এবং এটি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মূলত মোদি এবারও তার বার্ষিক ঐতিহ্য বজায় রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। সোমবার তিনি ভারতের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে গিয়ে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উৎসব পালন করেন। রণতরীটি সে সময় গোয়া ও কর্ণাটকের কারওয়ার উপকূলে অবস্থান করছিল।

এদিন নৌবাহিনীর শতাধিক সদস্যকে উদ্দেশ করে মোদি বলেন, “আজকের দিনটি অসাধারণ, এই দৃশ্য অবিস্মরণীয়। একদিকে আমার সামনে অসীম সাগর, অন্যদিকে ভারত মায়ের বীর সন্তানরা, এ দৃশ্য অনন্য।” তিনি আরও বলেন, “এক পাশে অনন্ত দিগন্ত আর অসীম আকাশ, আর অন্য পাশে এই বিশাল আইএনএস বিক্রান্ত। এটি অসীম শক্তির প্রতীক। সাগরের পানিতে সূর্যের আলো ঠিক সেই দীপাবলির প্রদীপের মতো, যা আপনারা জ্বালিয়েছেন দেশরক্ষার জন্য।”

মোদি বলেন, দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় নির্মিত প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত হচ্ছে ভারতের সামরিক সক্ষমতার প্রতীক। তার দাবি, “অপারেশন সিন্দুর চলাকালে কয়েক দিনের মধ্যেই এই রণতরী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল।” মোদি জানান, তিন বাহিনীর অসাধারণ সমন্বিত প্রচেষ্টার ফলেই পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয়। তিনি বলেন, “আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি একবিংশ শতকের ভারতের পরিশ্রম, প্রতিভা, প্রভাবের এক জীবন্ত সাক্ষ্য।”

মোদি আরও জানান, “গত রাতটি আমি বিক্রান্তে কাটিয়েছি, সে অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি দেখেছি, আপনাদের মধ্যে কতটা শক্তি ও উদ্দীপনা রয়েছে। গত রাতে যখন আপনাদের দেশাত্মবোধক গান গাইতে দেখলাম এবং অপারেশন সিন্দুরের কাহিনী শুনলাম, তখনই বুঝেছি— যুদ্ধে দাঁড়িয়ে একজন জওয়ান যা অনুভব করে, তা ভাষায় প্রকাশ করা যায় না।” তিনি বলেন, “আমার দীপাবলি এবার বিশেষ, কারণ আমি তা আপনাদের মাঝেই উদযাপন করেছি।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।