ছোট পর্দা থেকে বলিউডের বড় পর্দায় পা রাখা অভিনেত্রী আহনা কুমরা ফের আলোচনায়। নাসিরুদ্দিন শাহের সঙ্গে 'সোনা স্পা' ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' এবং 'সালাম ভেঙ্কি'-র মতো ছবিতেও দেখা গেছে তাকে। কাজের পাশাপাশি নানা সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনায় তার নাম উঠে এসেছে শিরোনামে।
আলোচনায় আসার অন্যতম প্রধান কারণ ছিল 'মিটু' আন্দোলন চলাকালীন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। অভিনেত্রী সালোনি চোপড়ার অভিযোগের সূত্র ধরেই আহনাও মুখ খোলেন।
এক সাক্ষাৎকারে আহনা জানান, একটি ছবিতে কাজের বিষয়ে কথা বলার জন্য সাজিদ খান তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন। সেইদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সাজিদ আমায় স্পর্শ করেননি। কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন।
আমি ভয় না পেয়ে বরং তাকে ঘাবড়ে দেওয়ার জন্য বলেছিলাম যে, আমার মা পুলিশে কাজ করেন। এরপর তিনি আর কথা বাড়ানোর সাহস পাননি।’ সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় আরও একবার খবরের কেন্দ্রে আসেন আহনা।
অভিনেত্রীর দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংহের অনুরাগীরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। 'রাইজ অ্যান্ড ফল' নামক একটি অনুষ্ঠানে পবন সিংয়ের প্রতিযোগী ছিলেন আহনা। প্রতিযোগিতা চলাকালীন তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল।
পরে অবশ্য দু'জনেই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান এবং বিদায় নেওয়ার সময় একে অপরের কাছে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু সেই ঝগড়ার প্রভাব এখনো আহনার জীবনকে প্রভাবিত করছে। নায়িকার অভিযোগ, সেই বিবাদের জেরেই পবন সিংহের ভক্তরা তাকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। বলিউড তাকে সেভাবে স্বীকৃতি না দিলেও, এসব বিতর্কের কারণেই বারবার চর্চার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী আহনা কুমরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।