২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে আবারও আলোচনায় উঠেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সম্প্রতি মুম্বাইয়ের এক পার্টিতে একসঙ্গে তাদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় তাদেরকে আরও ঘনিষ্ঠ অবস্থায় দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্ন উঠেছে; তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ফের গুঞ্জন। ভিডিওতে দেখা যায়, অগস্ত্যার সঙ্গে অমিতাভের ‘কাজরা রে’ গানের তালে পা মেলাচ্ছেন সুহানা। এ সময় তাদের সঙ্গে ছিলেন শ্বেতা বচ্চনও। আর সে ভিডিওটিই ভাইরাল সামাজিক মাধ্যমে। এমনিতেই বি টাউনে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সুহানা-অগস্ত্যার রসায়ন নিয়ে নানা গুঞ্জন। যদিও এ নিয়ে সরাসরি মুখ খোলেননি দুজনের কেউই। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে দুজনেরই বলিউডে অভিষেক হয় সুহানা-অগস্ত্যার। মিউজিক্যাল কমেডি ঘরানার ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও নবাগত এই দুই তারকা আলোচনায় আসেন একটু আলাদাভাবেই। এরই মধ্যে গানের তালে তাদের পা মেলানোর দৃশ্য তাদের প্রেম জল্পনা যেন বাড়িয়ে দিলো।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।