শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি কিংবা দেশ বুঝি না : চঞ্চল চৌধুরী

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৫:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ বিরতির পর আবারও কলকাতার ছবিতে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। তবে চঞ্চল চৌধুরীর লম্বা বিরতি কি রাজনৈতিক কারণে? এমন প্রশ্নের জবাবে স্পষ্ট জবাব দিলেন অভিনেতা। চঞ্চল চৌধুরী জানালেন, তিনি ‘রাজনীতি কিংবা দেশ’ বোঝেন না, তিনি বাংলা ছবির শিল্পী। বোলপুরের ৩১ ডিগ্রি তাপমাত্রায়, কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢিলে-ঢালা ফতুয়া আর একমুখ দাড়ি নিয়ে সাইকেলে চেপে ছুটে চলছেন চঞ্চল চৌধুরী। দৃশ্যত এই দৃশ্যটিই এখন কলকাতার গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের সংমিশ্রণে তৈরি হচ্ছে ব্রাত্য বসুর আগামী ছবি ‘শিকড়’। এই ছবির শুটিং চলছে বোলপুরের মোহনপুরে।

ওপার বাংলার ছবিতে এত লম্বা বিরতির কারণ জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক গুঞ্জন সরাসরি উড়িয়ে দেন। চঞ্চল চৌধুরী বলেন, ‘না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই বিরতিটা কিন্তু আমার কাছে খুব স্বাভাবিক। আমি কম ছবি করি। রাজনীতি কিংবা দেশ বুঝি না। আমরা বাংলা ছবির শিল্পী। সব দর্শকের জন্য ছবি তৈরি করি।’ তার কথায়, ‘এখানে কোনো বিভাজন নেই। সারা পৃথিবীর বাংলা ছবির দর্শকদের জন্য ছবি তৈরি হয়। আমার মনে হয় না সেখানে রাজনীতির কোনো ঠাঁই আছে। এপার বাংলায় কাজের কথা চলছে। ওপার বাংলায়ও বেশ কিছু কাজ পাইপলাইনে রয়েছে। সিরিজ ও সিনেমা, দুই-ই।’ ছবিতে রাজি হওয়ার বিশেষ কারণও জানান চঞ্চল। তার কাছে গ্রাম বরাবরই টানে। বলেন, ‘বর্তমানে ঢাকায় থাকলেও আমি তো আসলে গ্রামেরই ছেলে। যখন ছবিতে মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, কত পুরোনো ছবি মনে ভেসে উঠছে। এই ছবি করতে গিয়ে আমি বারবার পিছন ফিরে তাকিয়েছি।’ এছাড়া ছবিতে বাবা-ছেলের এক সুন্দর সম্পর্ক তুলে ধরা হবে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তার চরিত্রের সঙ্গে তার ব্যক্তিজীবনের বহু মিল রয়েছে। কারণ এই চরিত্রে তার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত। যিনি সমস্ত কিছু ভুলে যান। চঞ্চল চৌধুরীর বাবাও জীবনের শেষদিকে একই রোগে আক্রান্ত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।