২৪ ঘণ্টা অনলাইন : জীবনের অন্যতম সেরা সময় পার করছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এই তারকা জুটি সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাদের জীবনে নতুন অতিথি আসার খবর। প্রকাশ্যে এনেছেন বেবি বাম্পের ছবিও। এরপর থেকেই ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে কবে আসবে সেই বহু প্রতীক্ষিত শুভদিন? দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে জীবনের এই নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন হবু বাবা ভিকি কৌশল। শুধু তাই নয়, সাক্ষাৎকারে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। এটা সত্যি বলতে সবথেকে বড় আশীর্বাদ। তাই এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। আমার তো মাঝেমধ্যে মনে হচ্ছে আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।’ জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য এই সুন্দর সময়ে ক্যাটরিনাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছেন ভিকি। অভিনেতা জানান, বেশিরভাগ সময়টাই এখন তারা একসঙ্গে বাড়িতে কাটাচ্ছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, একরত্তির বেড়ে ওঠার কোনো মুহূর্ত তিনি চোখের আড়াল করতে চান না। আর সেই কারণেই আগামীতেও বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান বলিউডের এই জনপ্রিয় তারকা। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ভিকি কৌশলের ভাই সানি জানিয়েছিলেন, এই খবরে তাদের পরিবারের সকলে যেমন ভীষণ খুশি, তেমনই খানিকটা নার্ভাসও বটে। দম্পতি শুরুতে সুখবরটি গোপন রাখলেও, ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে জল্পনা উসকে দিয়েছিল। তবে এখন যে অপেক্ষার পালা শেষ হওয়ার পথে, তা ভিকির কথায় স্পষ্ট।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।