শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত কয়েক ডজন

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৫:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :পাকিস্তান-আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার ১৫ অক্টোবর ভোরের দিকের এই সংঘাতে এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক ও সেনাসদস্য নিহত হয়েছেন। গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর নতুন এই সহিংসতায় দুই দেশের সীমান্তের ভঙ্গুর শান্তি আবারও ভেস্তে গেছে। ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে গত সপ্তাহে। যদিও ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তজুড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে এই ধরনের সংঘর্ষের ঘটনা নিয়মিতই ঘটে। আফগান তালেবান বলেছে, বুধবার  ১৫ অক্টোবর ভোরের দিকে পাকিস্তানের সামরিক বাহিনী স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। এতে ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্তে রাতভর সংঘর্ষে আফগানিস্তানের আরও প্রায় ৩০ জন বেসামরিক নিহত ও শতাধিক আহত হয়েছেন।

পাকিস্তান বলেছে, সীমান্তের অপর প্রান্তে স্পিন বোলদাকের বিপরীতে অবস্থিত চামান জেলায় ‌তালেবান বাহিনীর হামলায় পাকিস্তানের চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের সীমান্তবর্তী ওরাকজাই জেলায় পৃথক ঘটনায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত ছয় সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই সংঘর্ষে ৯ জঙ্গিও নিহত হয়েছেন। দেশটিতে গত সপ্তাহে এক জঙ্গি হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত হন। ওরাকজাইয়ের সংঘর্ষ নিয়ে মন্তব্যের অনুরোধে পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে কাবুল বলেছে, পাকিস্তান স্পিন বোলদাকে হামলা চালিয়েছে। যদিও কাবুলের এই অভিযোগকে অসত্য ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনী।

 সীমান্ত বন্ধ
পাকিস্তানে ক্রমবর্ধমান জঙ্গি হামলা দমনে তালেবান প্রশাসনকে ইসলামাবাদ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর সাবেক দুই মিত্র দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার শুরু হয়েছে। পাকিস্তান অভিযোগ করে বলেছে, পাকিস্তানে হামলা চালানো জঙ্গিরা আফগানিস্তানে আশ্রয় নিচ্ছেন। অন্যদিকে, তালেবানের অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র; ভুল তথ্য ছড়িয়ে সীমান্ত উত্তেজনায় উসকানি এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের আশ্রয় দিয়ে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করছে। পাকিস্তান সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, আইএস-খোরাসান (আইএসআইএস-কে) নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আইএস-খোরাসান আফগানিস্তানেও সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীটি তালেবানের বিরোধিতাকারী ব্যক্তি ও সংগঠন, বেসামরিক নাগরিক, সরকারি কর্মকর্তা ও বিদেশি স্বার্থের ওপর হামলা করছে। সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশ সীমান্তের বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দিয়েছে। এর ফলে উভয়পক্ষের বাণিজ্য কার্যত থমকে গেছে এবং পণ্যবাহী বহু যানবাহন সীমান্তে আটকা পড়েছে।

স্থলবেষ্টিত ও দারিদ্র্যপীড়িত আফগানিস্তানের প্রধান পণ্য ও খাদ্য সরবরাহকারী দেশ পাকিস্তান। গত সপ্তাহে দুই দেশের সৈন্যদের সংঘাতে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। চীনা নাগরিক ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানায় বেইজিং। একই সঙ্গে রাশিয়াও উভয়পক্ষকে সংলাপের মাধ্যমে সঙ্কট সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চাইলে এই সংঘাতের অবসানে সহায়তা করতে পারেন। পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক এই উত্তেজনা এমন এক সময় শুরু হয়েছে, যখন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি পাকিস্তানের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারত সফরে গেছেন। এই সফরে ভারত ও আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে।নয়াদিল্লি বলেছে, তারা কাবুলে পুনরায় দূতাবাস চালু করবে। আর আফগান তালেবানও তাদের কূটনীতিকদের ভারতে পাঠানোর পরিকল্পনা করছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।