২৪ ঘণ্টা অনলাইন : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান পোক্ত করেছেন এই অভিনেত্রী। যদিও সাম্প্রতিক সময়ে নতুন কোনো প্রজেক্টে ব্যস্ত নন, তবুও বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও অনুষ্ঠানগুলোতে নিয়মিতই দেখা যায় তাকে। সম্প্রতি একটি সুগন্ধি বা পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে পারফিউম প্রসঙ্গে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।
পারফিউমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের— যেমন ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এই ধরনের সুগন্ধ আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। ফারিণের সাথেও এই বিষয়ে আমি একমত।’ পারফিউম উপহার হিসেবে পেতে ভালোবাসেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা বা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দেন।’ তার মতে, পারফিউম কেবল সুগন্ধ নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। সাবিলা বলেন, ‘আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সেই সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়।’ অভিনেত্রী তাসনিয়া ফারিণও পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এই আয়োজনে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।